জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]বাংলাদেশ সংকটময় সময় পার করছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার ইউএন নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান সংস্থাটির এক সিনিয়র কর্মকর্তা। খবর ইউএন নিউজের।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বলেছেন, বাংলাদেশে কোটা সংস্কারের দাবি মেনে নেয়ার পরও সরকার পদত্যাগের দাবিতে তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর কিছু উদযাপন হিংসাত্মক পরিস্থিতির দিকে মোড় নেয়। ফলে সরকারের সঙ্গে সম্পর্কিত অনেক স্থাপনায় ভাঙচুর, থানায় হামলা এবং পুলিশ কর্মকর্তাদের হত্যার দৃশ্য দেখা গেছে।
তিনি আরও বলেন, গত সপ্তাহে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভে ৩০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত এবং ২০ হাজারের বেশি আহত হয়েছে। এটি বাংলাদেশে সবচেয়ে বড় সংঘাতগুলোর একটিতে পরিণত হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্য দিয়ে জুলাই মাসে শুরু হয় অস্থিরতা। পরে কোটা ব্যবস্থা প্রত্যাহার করা হয়। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং বিক্ষোভ সহিংসভাবে দমনের জন্য দায়ীদের জবাবদিহি করার দাবিতে গত সপ্তাহে আবার বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, শেখ হাসিনা ২০০৯ সালের জানুয়ারি থেকে ক্ষমতায় ছিলেন। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত দেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
