গোলাপগঞ্জ প্রতিনিধি : [৫]গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে একরাতে ৪টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে চুরির বিষয়টি জানতে পারেন বাড়ি মালিকরা। চুরির রাতের আগে থেকেই তারা নিজ নিজ প্রয়োজনে অন্যখানে অবস্থান করছিলেন। প্রতিবেশী তারেক আহমদের মাধ্যমে চুরির খবর পেয়ে বাড়িতে আসেন এবং স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট হয়েছে বলে নিশ্চিত হন।
উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রাম পশ্চিম পাড়ার রাহেলা বেগম, সেনা সদস্য ফরজান উল্লা ও লন্ডন প্রবাসী নূরুল মজিদ চৌধুরী হুমায়ুন এর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। একই সময় নেছারুন বেগম নামের এক বিধবার ঘরের তালা ভাংলেও কোনো কিছু খোয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।
প্রতিবেশী তারেক আহমদ জানান, বৃহস্পতিবার সকালে তিনি নিজ সুপারি গাছের নিচ থেকে ঝরে পড়া সুপারি আনতে যান। এসময় সেনা সদস্য ফরজান উল্লার ঘরের দরজা খোলা ছিল। তারা প্রায় ১০ দিন থেকে বাড়িতে নেই অথচ দরজা খোলা দেখে তিনি উঁকি মারেন। এসময় ঘরের ভেতরের মালামাল এলোমেলো দেখে অন্য প্রতিবেশীদের ডাকেন। এরপর এক এক করে বিধবা নেছারুন বেগমের ঘরের তালা ভাঙা ও রাহেলা বেগমের ঘরের লোহার গ্রিল কাটা ও মালামাল তছনছ দেখে তাদের খবর দেন।
খোঁজ নিয়ে জানা যায়, চুরি যাওয়া বাড়ির মালিকরা ওইখানে জমি কিনে নতুন বাড়ি করে বসবাস করছেন। এর মধ্যে রাহেলা বেগমের স্বামীর বাড়ি বিয়ানীবাজার উপজেলায়। তিনি মোল্লাগ্রাম পশ্চিম পাড়ার ‘স্বপ্নধরা আবাসিক এলাকায়’ জমি কিনে বাড়ি করেছেন। বছরের বেশিরভাগ সময়ই স্বামীর বাড়িতে থাকেন। তবে মাঝে মাঝে নতুন বাড়িতে এসে সপ্তাহ দুএক থেকে আবার চলে যান। তখন বাড়িটি ফাঁকা থাকে। ঘটনার এক সপ্তাহ আগে থেকেই তিনি বিয়ানীবাজারে ছিলেন। খবর পেয়ে এসেছেন।
তিনি বলেন, বাড়ি ফাঁকা পেয়ে চোরেরা বারান্দার লোহার গ্রিল কেটে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে। এরপর কাঠের কেবিনেট ও টেস্কো ড্রয়ার খুলে সব কাপড় তছনছ করে ফেলে রাখে। এসময় ড্রয়ারে থাকা নগদ ২০ হাজার টাকা ছাড়া আর কিছুই নেয়নি। ঘরে ঢুকে তিনি চারটি সিগারেটের খোসা ও পুরনো পত্রিকায় মোড়ানো ছোট ছোট ট্যাবলেট জাতীয় কিছু পেয়ে ছিলেন বলেও জানান।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
