গতি ফিরছে মহানগর বিএনপিতে

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]অতিসম্প্রতি সময়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে দুইবার পরিবর্তন আনা হয়েছে। এই সময়ে সভাপতির দায়িত্ব পেয়েছেন তিন নেতা। তবে এতে করে ধীরে ধীরে গতি ফিরে পাচ্ছে মহানগর বিএনপি, এমনটাই মনে করেন দলটির নেতাকর্মীরা।

সবশেষ সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে রেজাউল হাসান কয়েস লোদীকে। এর আগে গত ১ আগস্ট সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। আগস্টের আগে প্রায় ১৬ মাস সভাপতির দায়িত্বে ছিলেন নাসিম হোসাইন।

তবে দ্রুত সময়ের মধ্যে সভাপতি পদে বারবার পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই নিয়েছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। তাদের মতে, দলের সাংগঠনিক গতিকে ধরে রাখতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১০ মার্চ কাউন্সিলরদের ভোটে সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব নির্বাচিত হন।

বিএনপি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সভাপতি নাসিম হোসাইন আমেরিকায় অবস্থান করছিলেন। ফলে ১ আগস্ট কেন্দ্রীয় কমিটি থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে।

১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বিদেশে অবস্থায় করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকীকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।’

কাউন্সিলের ২০ মাস পর গত সোমবার সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে আবার পরিবর্তন আনা হয়। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পান রেজাউল হাসান কয়েস লোদী।

উল্লেখ্য, ১৯৯১ সালে ছাত্রদলের রাজনীতি দিয়ে রাজনীতির হাতেখড়ি কয়েস লোদীর। ১৯৯৪ সালে তরুণদল সিলেট জেলা শাখার সভাপতি হন তিনি। এছাড়া ‘৯৬ সালে সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি, ১৯৯৯ সালে ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাহী কমিটির সদস্য, ২০০৯ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ২০১১ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, ২০১৩ সালে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৬ সালে মহানগর বিএনপির সহ সভাপতি দায়িত্ব পালন করেন তিনি।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]