দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দেওয়ার পর আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে। নিহত ওই রোগী সিলেটের কানাইঘাট উপজেলার ফয়েজ আহমেদ (৩০)।
রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মূত্রথলি ও মূত্রনালীর সমস্যা নিয়ে ভর্তি হন কানাইঘাট উপজেলার ফয়েজ আহমেদ। হাসপাতালে চিকিৎসা চলছিল তার। সোমবার (২৫ আগস্ট) তার অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনের ভয়ে রবিবার (২৪ আগস্ট) রাত দেড়টার দিকে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলার সিড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দেন তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে ওই হাসপাতালের আইসিউতে ভর্তি করা হলে সোমবার ভোররাত সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অপারেশনের ভয়ে রবিবার গভীর রাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দিয়ে ফয়েজ আহমেদ গুরুতর আহত হন। পরে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
