[৪]
জনতার দেশ ডেস্ক :ব্রিটিশ আমলের জৈন্তিয়া রাজ্য, প্রকৃতির রাজকন্যা জাফলং, আলোচিত সাদাপাথর পর্যটনকেন্দ্র, সোয়াম ফরেস্ট রাতারগুলসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৪ আসন।
এই আসনে নির্বাচনী প্রচারণা জোরেশোরে চালাচ্ছেন বিএনপি, জামায়াত, জমিয়ত ও মজলিসের প্রার্থীরা।
প্রতিনিয়ত মাঠপর্যায়ে এসব প্রার্থীরা জনগণের সাথে ঘনিষ্ঠতা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই আসনের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা আলেম-উলামা অধ্যুষিত হওয়ায় খেজুরগাছের জোয়ার থাকলেও জামায়াতের পাল্লা ভারী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী।
তবে কওমি মাদরাসা ভিত্তিক ভোটব্যাংককে হিসেবেও নিচ্ছেন অনেকে। এই অঞ্চলের সাথে খেজুরগাছ প্রতীকের পরিচয় অনেক আগ থেকেই।
জমিয়তের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবারের নির্বাচনে ভালো অবস্থান করে নেবেন বলে আশা করছেন সাধারণ ভোটাররা। এর অন্যতম কারণ, ইসলামি দলগুলোর একক প্রার্থী মাঠে প্রচারণায় রয়েছেন।
বিএনপির দলীয় মনোনয়ন পেতে মাঠে আছেন হাফ ডজনের মতো প্রার্থী। সম্প্রতি বেশ আলোচনায় এসেছেন বিএনপির সাবেক আলোড়ন সৃষ্টিকারী নেতা, যিনি রাজপথে বিএনপির নাম জিইয়ে রেখেছিলেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।
তিনি দলটির সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জনশ্রুতি রয়েছে, তিনি খুব শিগগিরই দলে ফিরছেন এবং তিনি এই আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবেন বলে গণমাধ্যমকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির অন্যতম সদস্য বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
তবে হাকিম চৌধুরীর বিরুদ্ধে পতিত সরকারের সাথে লিয়াজো করে চলার অভিযোগ রয়েছে। দলের হাইকমান্ডও তার সাবেক কর্মকাণ্ড নিয়ে ওয়াকিবহাল রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
এদিকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার কামরুজ্জামান সেলিমের নাম শোনা যাচ্ছে।
ইতোমধ্যে মাঠে নেমেছেন এই আসনের সাবেক সাংসদ ও বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রয়াত দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী অ্যাডভোকেট জেবুন্নাহার সেলিম, বিএনপি নেতা আব্দুল হক এবং সিলেট জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য প্রবাসী হেলাল উদ্দিন আহমদ।
সিলেট-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আলী হাসান উসামাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশেরও একক প্রার্থী হিসেবে রয়েছেন মাওলানা সাইদ আহমদ।
আগামী রোববার (১৯ অক্টোবর) সিলেটের ১৯টি আসনে বিএনপির প্রার্থী নির্ধারণী বৈঠক হওয়ার কথা রয়েছে। শেষ পর্যন্ত দলটি থেকে কাকে মনোনয়ন দেওয়া হয় তা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন সিলেট-৪ আসনের বিএনপি ঘরানার লোকজন।