সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ ৫ জন নিহত

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]সুনামগঞ্জের ছাতক উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। এর মধ্যে ছাতক উপজেলার জালালপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার (৪ মে) দুপুরে ছাতকের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান।

ছাতকে নিহত পাঁচজনের মধ্যে একজন হলেন সিএনজি অটোরিকশার যাত্রী তাহিরপুর উপজেলার তেরজালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫)।

তবে অপর নিহতদের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী একটি সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল।

অন্যদিকে ‘রিফাত পরিবহন’ নামের একটি বাস সিলেট থেকে সুনামগঞ্জের দিকে আসছিল। জালালপুর এলাকায় এসে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীবাহী সিএনজিটি বাসের নিচে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু ঘটে। আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার বলেন, ছাতকের দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন এবং ওসমানী হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার দিরাই-মদনপুর সড়কে একজন মারা গেছেন। নিহতদের আত্মীয়-স্বজন না আসায় তাদের পরিচয় জানা যায়নি।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]