ছাতকে রশিটান প্রতিযোগিতায় হেরে আয়োজকদের ওপর হামলা, আহত ১০
দৈনিক জনতার দেশ ডেস্ক :সুনামগঞ্জের ছাতকে রশিটান প্রতিযোগিতায় হার মেনে নিতে না পেরে আয়োজক কমিটির ওপর হামলা চালিয়েছে পরাজিত দলের সদস্য ও সমর্থকরা। শনিবার (৯ মে) রাত ১০টার দিকে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকায় এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। এতে আয়োজক কমিটির সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন— হাসনাবাদ গ্রামের সাইফুল ইসলাম শেকল (২৬), আল আমিন (২৭), আলী হোসেন ধলুশা এবং খাইরগাঁও গ্রামের ছায়েদ আহমদ। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও আয়োজক কমিটি সূত্রে জানা যায়, শনিবার সকালে হাসনাবাদ বাজার সংলগ্ন মাঠে জমকালো আয়োজনে রশিটান প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন উপজেলার নামী-দামী দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। দিনভর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে খেলা চলার পর রাতে চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়।
রাত ১০টার দিকে ছাতকের ‘ব্যাটারি গলি টিম’ এবং জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও গ্রামের ‘সবুজ বাংলা-১’ টিমের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জগন্নাথপুরের সবুজ বাংলা-১ টিম জয়লাভ করে। খেলা শেষে পরাজিত ব্যাটারি গলি টিমের খেলোয়াড়রা বিজয়ী দলের সদস্যদের লক্ষ্য করে উস্কানিমূলক মন্তব্য ও গালিগালাজ শুরু করেন।
এ সময় আয়োজক কমিটির সদস্যরা পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে পরাজিত দলের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে কমিটির ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। আকস্মিক এই হামলায় মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে ছাতক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রশিটান প্রতিযোগিতার জয়-পরাজয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






