দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা প্রতিনিধিদলের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ মে) ঢাকার পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
পাকিস্তান–বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগের আওতায় প্রতিনিধিদলটি পাকিস্তান সফর করছে।
সফরের অংশ হিসেবে তারা লাহোরের সিভিল সার্ভিসেস একাডেমিতে তিন সপ্তাহব্যাপী এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নেবে।
পাকিস্তান সরকার জানিয়েছে, ৫৩ বছর পর এ ধরনের সফর দুই দেশের প্রাতিষ্ঠানিক বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
‘নলেজ করিডোর’ উদ্যোগটি ২০২৫ সালের আগস্টে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় চালু করা হয়। ওই সময় তিনি পাঁচ বছরে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তির ঘোষণা দেন।
বর্তমানে ৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন।
বৈঠকে মোহাম্মদ ইসহাক দার বলেন, এ ধরনের বিনিময় কর্মসূচি পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতার প্রতিফলন।
তিনি দুই দেশের নেতৃত্ব পর্যায়ের নিয়মিত যোগাযোগ, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
