আরও ৭ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিলামের মাধ্যমে আরও ৭ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২০ মে) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চারটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই ডলার কেনা হয়েছে। নিলামে নির্ধারিত কাট-অফ রেট ছিল একই।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মে মাসেই মোট ৪৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বাজার থেকে সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। আর ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন দফায় নিলামের মাধ্যমে কেনা ডলারের পরিমাণ দাঁড়িয়েছে ৬১৩ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক বলছে, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় ও রফতানি আয় বৃদ্ধির ফলে ব্যাংকগুলোর হাতে ডলারের সরবরাহ বেড়েছে। এ অবস্থায় বাজার থেকে ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, বাজারে ডলারের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত নিলামের মাধ্যমে ডলার কেনাবেচা করছে। এর ফলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, বিনিময় হারেও কিছুটা স্থিতিশীলতা ফিরছে।

সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত থাকলে এবং রপ্তানি আয় আরও বাড়লে আগামী মাসগুলোতেও কেন্দ্রীয় ব্যাংক একই কৌশল অব্যাহত রাখতে পারে।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]