নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিলে জিয়ার স্মৃতিচারণ

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ মে) বিকেলে শহরের নতুন কোর্ট এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সালাহউদ্দিন দেওয়ান।
দোয়া মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।

আমাদের সবাইকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, আমাদের নেত্রী খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে পথ চলতে হবে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, জিয়াউর রহমানের সবচেয়ে বড় পরিচয় ছিল তার সততা।

আমাদের সেই আদর্শ ধারণ করে দেশের মানুষের জন্য কাজ করতে হবে। আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।
আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যেও আপনারা দোয়া করবেন। এদেশকে এগিয়ে নিয়ে যেতে তিনি অক্লান্ত পরিশ্রম করছেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক বলেন, জিয়াউর রহমান আমাদের জন্য অনুপ্রেরণা। তার আদর্শকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যাবো। আপনারা আমাদের নেতার জন্য দোয়া করবেন আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন। দেশে বিদেশেও তিনি জনপ্রিয় ছিলেন। তিনি সার্কের জনক ছিলেন। ইরাক-ইরান যুদ্ধ বন্ধ করার ব্যাপারে তার ভূমিকা ছিল। তার জনপ্রিয়তার কারণেই দেশি-বিদেশি ষড়যন্ত্রে তিনি নিহত হন। যখন বাংলাদেশ টালমাটাল সেসময় আমাদের নেত্রী খালেদা জিয়া দেশের দায়িত্ব নেন। তিনিও দেশের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে৷ তারই ধারাবাহিকতায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন।

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, নিজের ও পরিবারের কথা না ভেবে জিয়াউর রহমান দেশের জন্য যুদ্ধ করেছিলেন। দেশে যত উন্নয়ন হয়েছে সেটা তার দেখানো। তিনি দেখিয়েছেন কীভাবে উন্নয়ন করা যায়। খাল খনন থেকে শুরু করে শিল্প কারখানায়ও তার অবদান রয়েছে। আমরা সেই আদর্শ ধরে রাখবো। আমাদের ব্যবহারে দলের আদর্শ যেন বিচ্যুত না হয়।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের জন্য কাজ করেছেন। দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে তিনি দেশকে স্বাধীন করেছেন। তিনি অল্প কয়েকদিনের শাসনামলে দেশকে অনেক দূর এগিয়ে দিয়েছেন। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া আজ আমাদের পাশে নেই। আপনারা তাদের জন্য দোয়া করবেন। তাদের সন্তান তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী, আপনারা তার জন্যেও দোয়া করবেন।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদা হাসান ভূঁইয়া বলেন, বাংলার রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশকে যে রুপ দিয়েছিলেন তা ফ্যাসিস্ট আমলে ধাপে ধাপে নষ্ট করেছে। তার সন্তান আমাদের প্রধানমন্ত্রী সেই কাজগুলো ধীরে ধীরে করছেন।

এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]