হবিগঞ্জে প্রায় ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
দৈনিক জনতার দেশ ডেস্ক :হবিগঞ্জে পৃথক অভিযানে প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন। এসব অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, জিরা, ফুচকা, চকলেট, ভারতীয় শাড়ি এবং একাধিক যানবাহন জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, রবিবার বানিয়াচং উপজেলার বাঘজোর বাজার এলাকায় একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালানো হয়। সেখান থেকে ১টি কাভার্ড ভ্যান ও ৩টি ট্রাক ভর্তি ভারতীয় শাহী জিরা ও ফুচকা জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। অভিযানের সময় চোরাকারবারিরা গাড়ি ও পণ্য ফেলে পালিয়ে যায়।
অন্যদিকে, চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া ও জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বরে পৃথক পাঁচটি অভিযানে একটি হাইড্রোলিক ড্রাম ট্রাক, একটি হায়েস মাইক্রোবাস এবং একটি সাধারণ ট্রাকে লুকানো অবস্থায় ফুচকা, জিরা ও চকলেট জব্দ করা হয়। এই চালানের মূল্য প্রায় ১ কোটি ৬১ লাখ ১৭ হাজার টাকা।
এ ছাড়া সীমান্তবর্তী কাকমারাছড়া, গুটিবাড়ী, সিন্দুরখান, মনতলা ও হরিণখোলা এলাকায় চারটি পৃথক অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজা, বিপুল পরিমাণ ফুচকা ও ভারতীয় দামী শাড়ি উদ্ধার করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৬১ লাখ ৭৫ হাজার টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন, সীমান্ত এলাকাকে চোরাচালানমুক্ত রাখতে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






