২০ বছর পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান
দৈনিক জনতার দেশ ডেস্ক :দীর্ঘ প্রায় ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশাল সফরে আসছেন। আগামী ২৬ জানুয়ারি দুপুরে নগরীর বেলস পার্কে বিএনপির বরিশাল বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। দীর্ঘদিন পর তার বরিশাল সফরের খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে বরিশালে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
জনসভাকে সফল করতে জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক ইউনিটগুলো কাজ শুরু করেছে। নেতাকে বরণ করে নেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে নানা আয়োজনে।
তারেক রহমানের সফর ও জনসভা সফল করতে গত রোববার (১৮ জানুয়ারি) নগরীর বরিশাল ক্লাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বরিশাল বিভাগের ছয় জেলার জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃত্ব এবং বরিশাল বিভাগের ৬ জেলার সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস আক্তার জাহান শিরিন।
প্রস্তুতি সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম বলেন, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসিত ছিলেন। দেশের মানুষের মধ্যে তার প্রতি আগ্রহ রয়েছে।
তিনি বলেন, আগামী ২৬ জানুয়ারি তারেক রহমানের বরিশাল সফরে অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি জনসমাগম হবে।
তার বক্তব্য শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা দেশকে দেখাতে চাই বরিশাল বিএনপির ঘাঁটি। এখানে বিএনপির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে হাফিজ উদ্দিন বলেন, আওয়ামী লীগ ভেবেছিল তারা অনন্তকাল ক্ষমতায় থাকবে। তারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করেনি।
তাদের আচরণের কারণে সুষ্ঠু নির্বাচন দুরাশায় পরিণত হয়েছিল।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আঁকন কুদ্দুসুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
এ ছাড়া বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাহমুদুর রহমান নান্নু, ভোলা–২ আসনের বিএনপির প্রার্থী মো. হাফিজ ইব্রাহীম, ভোলা-৪ আসনের বিএনপির প্রার্থী মো. নুরুল ইসলাম নয়ন, বরিশাল–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসানসহ দলের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






