নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
দৈনিক জনতার দেশ ডেস্ক :নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জামায়াত ও বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষের এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ নম্বর নগর ইউনিয়নের আমির মাওলানা মো. হাসিনুর রহমান।
স্থানীয়রা তাকে প্রথমে চিকিৎসার জন্য উপজেলার বনপাড়া শহরের আমিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে নির্বাচন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জামায়াত কর্মী সাব্বিরকে মারধর করেন স্থানীয় বিএনপি কর্মীরা। ফলে শনিবার সকালে বিএনপি নেতা আসাব সরকারকে মারধর করেন জামায়াত কর্মীরা।
এরপরই উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






