গোয়াইনঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় নারীসহ গ্রেফতার ৪
জিবি সময় অনলাইন ডেস্ক :ভারতে অনুপ্রবেশের ছয় মাস পর সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে দেশে ফেরার পথে নারীসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার উপজেলার সীমান্তবর্তী রানীরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-চট্টগ্রামের লোহাগাড়ার মো. এরশাদ হোসেনের ছেলে মো. জহির উদ্দীন (২৯), মো. জহির উদ্দীনের স্ত্রী মোছা আফরোজা সুলতানা (২২), মো. আবুল কাসেমের ছেলে মো. রাকিবুল ইসলাম (১৮), পটুয়াখালীর রাঙ্গাবালীর মো. দাদন সিকদারের ছেলে মো. মিরাজ (২৭)।
বিজিবি জানায়, বুধবার সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীন সংগ্রাম বিওপি এলাকার সীমান্ত পিলার ১২৭২ /৫-এস থেকে আনুমানিক ২০০ গজ ভেতরের রানীরঘাট এলাকা দিয়ে চার ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।
এ সময় সেখানে টহলরত বিজিবির সদস্যরা তাদের আটক করে। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ছয় মাস আগে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘আটক চারজনকে বিজিবি বুধবার রাতেই থানায় হস্তান্তর করে। আজ বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






