আর্জেন্টিনার জার্সি পরলেই রোগীর চিকিৎসা ফি অর্ধেক
দৈনিক জনতার দেশ ডেস্ক :বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই উন্মাদনাকে ভিন্নমাত্রা দিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গার এক চিকিৎসক।
প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এ চিকিৎসক ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা সেবা নিতে এলে রোগীদের চিকিৎসার জন্য অর্ধেক ভিজিট দিলেই হবে।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চিকিৎসক ডা. সুমন রায়, এমন অভিনব উদ্যোগের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন।
সরেজমিনে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত হেলথ এইড মেডিকেল সেন্টারে গিয়ে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের জন্য বিশেষ ছাড় কার্যকর করা হয়েছে।
সাধারণত তার চেম্বারে চিকিৎসা পরামর্শের ফি ৫০০ টাকা হলেও আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে মাত্র ২৫০ টাকা।
চেম্বার সূত্রে জানা যায়, উদ্যোগটি শুরুর প্রথম দিনেই বেশ কয়েকজন রোগী এই সুবিধা নিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
ফলে বিষয়টি দ্রুতই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন, আমি বরাবরই আর্জেন্টিনা দলের সমর্থক।
চিকিৎসকের এমন ব্যতিক্রমী অফারের কথা শুনে জার্সি পরেই চেম্বারে এসেছি। সত্যিই তিনি আমার কাছ থেকে নির্ধারিত ফির অর্ধেক নিয়েছেন। বিষয়টি আমার কাছে বেশ আনন্দের লেগেছে।
জানা যায়, ডা. সুমন রায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি গোপালগঞ্জের কাশিয়ানী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (ইনসটিটিউট) ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন অভিজ্ঞ ও জনপ্রিয় চিকিৎসক হিসেবে এলাকাজুড়ে তার সুনাম রয়েছে।
ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে ডা. সুমন রায় বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ বা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এলেই উৎসবের আমেজ তৈরি হয়। সেই আনন্দকে সাধারণ মানুষের সঙ্গে একটু ভিন্নভাবে ভাগাভাগি করার চিন্তা থেকেই এই উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, এটি সম্পূর্ণভাবে খেলাধুলার প্রতি ভালোবাসা থেকে করা একটি উদ্যোগ। আর্জেন্টিনা সমর্থকদের জন্য এটি আমার পক্ষ থেকে ছোট্ট একটি শুভেচ্ছা উপহার। তবে এর ফলে চিকিৎসাসেবার মান বা দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না। বরং খেলাধুলাকে ঘিরে মানুষের মধ্যে যে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়, সেটিকেই আরও উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি।
স্থানীয়দের মতে, বিশ্বকাপ ঘিরে নানা ধরনের আয়োজন দেখা গেলেও চিকিৎসা ফিতে এমন বিশেষ ছাড়ের ঘটনা বেশ ব্যতিক্রমী। ফলে ফুটবলপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে।
ফুটবলপ্রেম, মানবিকতা ও ভিন্নধর্মী উদযাপনের এই উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াতে শুরু করেছে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন





