প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ কক্সবাজারে
দৈনিক জনতার দেশ ডেস্ক :সরকার গঠনের পর প্রথমবারের মতো এক দিনের সফরে শনিবার (১৩ জুন) পর্যটন রাজধানী কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে ঘিরে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রত্যাশা।
স্থানীয়দের মধ্যে এখন প্রধানমন্ত্রীর সফরই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কক্সবাজারের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পর্যটন খাতের সম্প্রসারণ, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, সদর হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালু, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রত্যাশার কথা জানাচ্ছেন স্থানীয়রা।
প্রধানমন্ত্রীর সফরসূচিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি।
এর মধ্যে রয়েছে পিএমখালী পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন ও পথসভা, ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নবগঠিত পেকুয়া পৌরসভার উদ্বোধন, জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, নবগঠিত মাতামুহুরী উপজেলা পরিষদের উদ্বোধন এবং বিকেলে চকরিয়ায় এক বিশাল জনসভায় অংশগ্রহণ।
এ ছাড়া তিনি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন এবং শহরে আয়োজিত একটি সুধী সমাবেশে অংশ নেবেন বলে জানা গেছে।
সফরকে কেন্দ্র করে কক্সবাজার এখন উৎসবমুখর পরিবেশে সেজেছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক দিন আগে কক্সবাজারে পৌঁছেছেন। তিনি শুক্রবার (১২ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত সফরের সার্বিক প্রস্তুতি ও পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে ১৯৮৯ সালে খনন করা পিএমখালী পাতলী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কক্সবাজার সদর-রামু-ঈদগাহ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘কক্সবাজারবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফর জেলার উন্নয়ন অগ্রযাত্রায় নতুন মাইলফলক স্থাপন করবে।’
এদিকে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি এরই মধ্যে জনসভাস্থল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনস্থল পরিদর্শন করেছেন।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন





