জগন্নাথপুরে দৃষ্টিনন্দন সেতু নির্মাণে ধীরগতি, ভোগান্তি
জিবি সময় অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরে নলজুর নদীর উপর খাদ্যগুদামের পাশে রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন সেতু নির্মাণ কাজে ধীরগতির কারণে পৌর শহরে যানজটে ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণ।
পৌর এলাকার যানজট নিরসনে সরু সেতু ভেঙ্গে খাদ্যগুদামের পাশে নলজুর নদীর উপর ২০২২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর হাতিরঝিলের আদলে সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন করেন। ৬০ মিটার দৈর্ঘ্য ও ১১.২৫ মিটার প্রস্থের এই সেতুটি নির্মাণে ব্যয় হবে ১৩ কোটি টাকা।
এদিকে, সেতুর নির্মাণ কাজে ধীরগতির কারণে বিকল্প ওভারব্রীজের উপর দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচলে ভোগান্তি পোহাতে হয় প্রতিনিয়ত।
পৌর শহরের বাসিন্দা ও ব্যবসায়ী আবুল হোসেন মোহাম্মদ ওয়ালী উল্লা বলেন, সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় আমরা ভোগান্তির শিকার হচ্ছি, যানবাহন চলাচলের বিকল্প ব্রীজ দুটোই ঝুকিপূর্ণ।
জগন্নাথপুর বাজার ব্যবসায়ী সুজন আহমেদ শুভ বলেন, যানজট লেগেই থাকে, নলজুর নদী পাড়াপাড় যানজটের কারণে অতিরিক্ত সময় লাগে এবং দুটি বিকল্প ব্রীজের উপর ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।
ঠিকাদার জামাল উদ্দিন বলেন, দ্রুত কাজ এগিয়ে নিতে শনিবার (৩০ নভেম্বর) রাতে সেতুর ২৭ তম ভিমের ঢালাই কাজ শুরু করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, দৃষ্টিনন্দন সেতুটির নির্মাণ দ্রুত সম্পন্ন করতে ২৭তম ভিমের ডালাইয়ের উদ্বোধন করা হয়েছে। কাজ শেষ হতে আর বেশিদিন লাগবে না, সেতুর কাজ প্রায় শেষের দিকে।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






