সিলেট-১ আসনে নতুন প্রার্থী মাওলানা হাবিবুর রহমান
জিবি সময় অনলাইন ডেস্ক :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানকে সিলেট-১ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথসভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এরআগে গত ৭ ফেব্রুয়ারি সিলেট-১ আসনে দলের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরকে প্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তীতে জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দের সিদ্ধান্তে মঙ্গলবার যৌথসভায় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানকে সিলেট-১ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। ওই সময় (৭ ফেব্রুয়ারি) সিলেট বিভাগের ১৯টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করে জামায়াত ।
জানা যায়, ২০২৫-২০২৬ সেশনের পূর্ববর্তী সময়ে মাওলানা হাবিবুর রহমান কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা দক্ষিণের আমীর ছিলেন। সিলেট জেলায় আগে জামায়াতের দুটি সাংগঠনিক ইউনিট ছিল। জেলা উত্তর ও জেলা দক্ষিণ নামে দুই ইউনিটে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হত। গতবছরের ২৪ অক্টোবর সম্প্রতি দুই ইউনিটকে একিভূত করে সিলেট জেলা ইউনিট করা হয়েছে। এবং ২০২৫-২০২৬ সেশনে ওই ইউনিটের জন্য সিলেট জেলা জামায়াতের আমীর নির্বাচিত করা হয়েছে মজলিসে শুরা সদস্য ও জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমানকে।
এরআগে ২০১৮ সালে সিলেট-৬ আসনের প্রার্থীতার জন্য ২০ দলীয় ঐক্যজোট থেকে মনোনয়ন জমা দেন সাবেক জেলা দক্ষিণের আমীর এবং বর্তমান মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। পরবর্তীকালে ২০ দলীয় ঐক্যজোটের সিদ্ধান্তে তিনি তার নির্বাচনী মনোনয়ন প্রত্যাহার করেন। ২০১৮ সালে ২০ দলীয় ঐক্যজোট থেকে সিলেট-৬ আসনের প্রার্থীতা করেন বিএনপি নেতা ফয়ছল আহমদ চৌধুরী।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






