যারা গুম-খুন করছে, তাদের সঙ্গ দিচ্ছে একটি ইসলামী দল: এ্যানি
দৈনিক জনতার দেশ ডেস্ক :বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা দীর্ঘদিন ক্ষমতা থেকে গুম-খুন, অপপ্রচার করছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে- এখন তাদের সঙ্গ দিচ্ছে একটি ইসলামী দল। কীভাবে স্বৈরাচারকে পুনর্বাসন করা যায়, সেই পাঁয়তারা করছে দলটি।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌর মহিলা বিএনপির উদ্যোগে এ্যানির লক্ষ্মীপুরের বাসভবনে যৌথ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, একটি ইসলামী দল অপপ্রচারে নেমেছে। এত বেশি অপব্যাখ্যার মাধ্যমে তারা এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে। এমন পরিস্থিতি মোকাবিলা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সুন্দর দেশ ও সমাজ গড়াই হল আমাদের অঙ্গীকার।
তিনি বলেন, ১৭ বছর দেশের বাইরে থেকে তারেক রহমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বেগম জিয়া কারা নির্যাতনে ছিলেন। তবুও ঐক্যবদ্ধ বিএনপিকে বিনাশ করতে পারেনি স্বৈরাচার শেখ হাসিনা। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় করতে হলে ঐক্যের বিকল্প নেই। নারী ভোটারদের সুসংগঠিত করতে হলে আমাদের একটু পরিশ্রম করতে হবে। বিশেষ ইসলামী ওই দলের কথায় কান দেওয়া যাবে না।
পৌর মহিলা বিএনপির সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফের সহসভাপতি ওয়াহেদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজ উদ্দিনসহ।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






