মেয়েকে শেষবার দেখতে হেলিকপ্টারে ছুটে এলেন আফ্রিকা প্রবাসী বাবা
দৈনিক জনতার দেশ ডেস্ক :পানিতে ডুবে মারা যায় ৩ বছর বয়সী একমাত্র মেয়ে আরওয়ার। খবর শুনে আফ্রিকা প্রবাসী বাবা ওসমান গণি শাহজালাল বিমানবন্দর থেকে ছুটে এলেন হেলিকপ্টারে। আদরের কন্যাকে শেষবারের মতো দেখলেন, ছুঁয়ে আদর করলেন। অঝোরে নিজে কাঁদলেন, কাঁদালেন সবাইকে।
শুক্রবার (৩১ অক্টোবর) হৃদয়বিদারক এমন দৃশ্যের অবতারণা হয় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে।
স্থানীয় গুণবতী স্কুল মাঠে অবতরণ করা হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড়ে ছিল না কোনো হই-হুল্লোড়। সবাই দেখলেন হেলিকপ্টার থেকে নেমে ক্ষিপ্র গতিতে এক বাবার ছুটে যাওয়ার দৃশ্য।
স্থানীয়রা জানান, বাবা ওসমান গণি বাদল গত ১৫ বছর আফ্রিকা থাকেন। সেখানে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। বিয়ের পর মেয়ে আরওয়ার জন্ম হয়। চলতি বছর ছুটিতে এসে ৮ মাস বয়সী মেয়ের সঙ্গে সময় কাটিয়ে আগস্টে ফিরে যান তিনি। বৃহস্পতিবার দুপুর ১২টায় বাড়ির সামনে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারায় আরওয়ার। একমাত্র মেয়ের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক টিকিট কেটে ওসমান গণি দেশে ফেরেন শুক্রবার সকালে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে সকাল ১০টায় নামেন এলাকায়। জানাজায় অংশ নিয়ে কলিজার টুকরা একমাত্র মেয়েকে দাফন করেন। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ওসমান গণির বন্ধু মো. ইস্রাফিল বলেন, মেয়েকে শেষবারের মতো দেখার ইচ্ছে শুনে আমরা লাশবাহী ফ্রিজিং গাড়িতে আরওয়াকে রাখি।
ওসমান গণির ফুফা সাইদুল ইসলাম বলেন, মেয়ের মৃত্যুর খবরটি আমরা বৃহস্পতিবার দুপুর ১২টায় বাদলকে জানালে পরদিন সকালেই সে এসে হাজির হয়।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






