জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা রেজা কিবরিয়ার
দৈনিক জনতার দেশ ডেস্ক :সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার হত্যায় জড়িতদের বেশির ভাগই আওয়ামী লীগের’- এমন অভিযোগ করেছেন তার ছেলে ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া আলোচিত অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজ বাড়িতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রেজা কিবরিয়া বলেন, ‘আব্বার খুনিদের কাউকেই এখনও ধরা হয়নি। আমার বিশ্বাস, তাদের বেশির ভাগই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তাদের অনেকে এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে। তারা জানে, আমি ক্ষমতায় গেলে বাবার হত্যার বিচার প্রক্রিয়া এগিয়ে নেব। এটা আমার দায়িত্ব। আর সেই কারণেই আমার জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে।’
ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যায় না। সুষ্ঠু না হলে আমরা সেটি মেনে নেব না। ২০১৮ সালের মতো যদি কেউ কেন্দ্র দখল করে ভোট নেওয়ার চেষ্টা করে, আমরা তার প্রতিবাদ করব।’
সম্প্রতি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিএনপিতে সদ্য যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে। গত ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার পর সেই আলোচনা আরও ঘনীভূত হয়। যোগদানের পর এই প্রথম তিনি নিজ এলাকায় আসেন।
নির্বাচিত হলে অধিকাংশ সময় এলাকায় থাকবেন নাকি ঢাকায়- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন, ‘ঢাকায় থাকলে কেন্দ্রীয় পর্যায়ের ক্ষমতা ও সুযোগ-সুবিধা ব্যবহার করে এলাকায় বেশি কাজ করতে পারব। এলাকায় সব সময় অবস্থান করলে সেই সক্ষমতা কমে আসবে।’
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান পেয়ারা, সহসভাপতি রায়েতউল্যাহ, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহিদ দালুকদারসহ স্থানীয় নেতারা।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






