দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
দৈনিক জনতার দেশ ডেস্ক :টাঙ্গাইলের মির্জাপুরের আমিনুল ইসলাম সিদ্দিকী (৪৫) নামে এক ব্যবসায়ীকে দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার লিম্পুপু প্রভিন্সের মেসিনাতে ‘মাডিম্বু আকাশ জেনারেল ডিলার’ নামে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের আজিজ সিদ্দিকীর ছেলে।
জানা যায়, শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন আমিনুল। এ সময় দুজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি এসে একজন তাকে ডেকে ভেতরে নিয়ে যায়। পরে তারা আমিনুলকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
পরিবার সূত্রে জানা যায়, জীবিকার খোঁজে ১৫ বছর আগে আমিনুল দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে জিম্বাবুয়ে সীমান্তবর্তী লিম্পুপু অঞ্চলের এক শহরে ‘আকাশ সুপারশপ’ নামে ব্যবসা করতেন। শুক্রবার রাতে কয়েকজন সন্ত্রাসী তার ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে মাথায় লক্ষ্য করে ছয়টি গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চার ভাইবোনের মধ্যে আমিনুল ছিলেন মেজো। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।
গোড়াইল গ্রামের বাসিন্দা ও মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, আমিনুলের লাশ এক সপ্তাহের মধ্যে দেশে আনার প্রস্তুতি চলছে।
এদিকে তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






