সুনামগঞ্জে মাটিচাপায় আরমানের মৃত্যু
দৈনিক জনতার দেশ ডেস্ক :সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ঘোড়াডোবা হাওরের সউলডোয়ারি ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপা পড়ে আরমান হোসেন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
রবিবার বেলা সোয়া ১১টার দিকে সউলডোয়ারি ফসল রক্ষা বাঁধের ৮ নম্বর প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। আরমান মধ্যনগর সদর ইউনিয়নের শালিয়ানী গ্রামের কৃষক চানফর আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘোড়াডোবা হাওরের পানিনিষ্কাশনে সউলডোয়ারি ফসল রক্ষা বাঁধের কিছু অংশ কেটে দিতে গত শুক্রবার রাত ৯টার দিকে বাঁধ এলাকায় জড়ো হন আশপাশের ছয়টি গ্রামের দেড় শতাধিক কৃষক। সবার মতামতের ভিত্তিতে তাঁদের মধ্যে ১৫ থেকে ২০ জন কৃষক কোদাল দিয়ে বাঁধের কিছু অংশ কেটে দেন, কিন্তু সেভাবে পানিনিষ্কাশিত হচ্ছিল না।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আজ বেলা ১১টার দিকে শালিয়ানী গ্রামের আরমান হোসেনসহ ৫০ থেকে ৭০ জন লোক আবার সউলডোয়ারি ফসল রক্ষা বাঁধ এলাকায় যান। বাঁধের কাটা স্থান দিয়ে পানিনিষ্কাশনের জন্য নিচের অংশ থেকে মাটি সরানোর চেষ্টা করছিলেন তাঁরা। আরমান হোসেন কোদাল দিয়ে মাটি সরাতে গেলে বাঁধের একপাশের মাটি ধসে তাঁর ওপর পড়ে। সঙ্গে থাকা লোকজন অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আরমানের চাচা আবুল হাশেম (৬১) বলেন, ফসল রক্ষা বাঁধের কাটা স্থান দিয়ে পানিনিষ্কাশনের জন্য কোদাল দিয়ে মাটি সরাতে গেলে বাঁধের এক পাশের মাটিচাপা পড়ে তাঁর ভাতিজার মৃত্যু হয়।
তিনি বলেন, ‘এতে কারও কোনো দোষ নেই। সব দোষ আমাদের কপালের। এ নিয়ে কারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।’
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দিন শাহীন বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। মৃত্যুর খবরটি শুনেছেন। লাশ হাসপাতাল থেকে মধ্যনগরে নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






