হবিগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
দৈনিক জনতার দেশ ডেস্ক :হবিগঞ্জে বিজিবির পৃথক দুটি অভিযানে ট্রাক ভর্তি বালুর নিচ থেকে লুকানো অবস্থায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে পৃথক দুটি বিশেষ অভিযানে এসব ভারতীয় জিরা জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এসময় সন্দেহজনক একটি ট্রাক আসতে দেখে সংকেত দিলে ট্রাক চালক বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যাক্ত ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে রাখা ভারতীয় বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়।
এছাড়াও পৃথক আরেকটি বিশেষ অভিযানে একই এলাকায় অন্য আরেকটি ট্রাক তল্লাশী করে অভিনব কায়দায় বালুর নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমান জিরা জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় জিরার মূল্য ৪০ লক্ষ ৫০ হাজার টাকা। অবৈধভাবে আনা এই ভারতীয় জিরাগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






