দস্যু সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিল জনতা
দৈনিক জনতার দেশ ডেস্ক :সদ্যুদের বাজার নিয়ে যাওয়ার সময় সুন্দরবনের কুখ্যাত নানাভাই বাহিনীর সহযোগী সন্দেহে নওয়াব আলী গাজী (৫০) নামে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক নওয়াব আলী গাজী উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত নওশের আলী গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওয়াব আলী দীর্ঘদিন ধরে সুন্দরবনের কুখ্যাত দস্যু নানাভাই বাহিনীর সহযোগী হিসেবে কাজ করে আসছে বলে অভিযোগ রয়েছে।
সোমবার রাতে হরিনগর বাজার থেকে বিষ ও প্রয়োজনীয় মালামাল কেনার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক করার পর স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বনদস্যুদের সহযোগিতা করার বিষয়টি স্বীকার করেন।
এ সময় তার সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে চালের ভেতর থেকে চার বোতল বিষ উদ্ধার করা হয়। এছাড়া চাল, ডাল, লবণ, শ্যাম্পুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা মিয়ারাজ, আবু রায়হান, মাসিদুর রহমান বাবু ও ফারুক হোসেনসহ কয়েকজন অভিযোগ করে বলেন, নওয়াব আলীকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। তাদের দাবি, তিনি দস্যুদের জন্য নিয়মিত বাজার-সদাই সরবরাহের পাশাপাশি বিভিন্ন সময় দস্যুদের পক্ষে কার্ড (চুক্তিপত্র) তৈরির কাজও করতেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে ২০২৫ সালের ১৬ জুন সুন্দরবন সংলগ্ন মীরগাং এলাকা থেকে নওয়াব আলীর ভাই নজির গাজীকে একটি আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক) ও একটি দাসহ আটক করে পুলিশে দেয় জনতা।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






