ইসরায়েল ও ইরানকে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প
দৈনিক জনতার দেশ ডেস্ক :ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পরস্পরের ওপর হামলা বন্ধ করার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৮ জুন) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি এ কথা বলেন।
ট্রাম্প পোস্টে বলেন, “ইসরায়েল ও ইরানকে এখনই সব ধরনের হামলা-পাল্টা হামলা বন্ধ করতে হবে।”
পরে আরেক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইসরায়েল ও ইরান—উভয় পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতিতে যেতে আগ্রহী।
‘শান্তি’ প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত পর্যায়ের আলোচনা এগিয়ে চলছে, যদিও অজ্ঞতা বা নির্বুদ্ধিতা সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। একটি ‘চূড়ান্ত চুক্তি’ না হওয়া পর্যন্ত অবরোধ বহাল থাকবে এবং তা পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে।
আশা করা যায়, বিষয়গুলো দ্রুত এগোবে।”
ইসরায়েল পাল্টা হামলা চালানোর আগে ডোনাল্ড ট্রাম্প একাধিক মার্কিন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বলেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অনুরোধ করেছিলেন যেন তারা তারা ইরানি হামলার জবাব না দেন।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে দখলদার ইসরায়েলের আগ্রাসী হামলার জবাবে রোববার (৭ জুন) রাতে দেশটিতে হামলা চালায় ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে থাকে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ ইসরায়েলি বিমান ঘাঁটিই দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে চালানো আগ্রাসনের উৎস।
এর প্রেক্ষিতে দখলদার ইসরায়েলি বিমানবাহিনীও ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করে। এরপরই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির তিনটি শহর তেহরান, তাবরিজ এবং ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে। এছাড়া, মধ্যাঞ্চলীয় শহর কারাজের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন





