বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? হবু পাত্র যিনি
দৈনিক জনতার দেশ ডেস্ক :ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটের বিয়ে নিয়ে নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে। গত কয়েক মাস ধরেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চললেও এবার সামনে এসেছে সম্ভাব্য জীবনসঙ্গীর পরিচয়।
শুরুতে গুঞ্জন ছিল, অভিনেতা কর্ণ ওয়াহির সঙ্গে সম্পর্কে রয়েছেন জেনিফার এবং তাকেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। সাম্প্রতিক বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেনিফারের হবু জীবনসঙ্গী কোনো অভিনেতা নন, তিনি সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইসমাইল উইলিয়াম।
প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ইসমাইল উইলিয়ামের সঙ্গে জেনিফারের বাগদানও সম্পন্ন হয়েছে। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
সূত্রটির দাবি, জেনিফার ও ইসমাইল বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন। একসঙ্গে ভ্রমণের সময় ইসমাইল তাকে বিয়ের প্রস্তাব দেন।
সেই প্রস্তাবে সম্মতি জানান অভিনেত্রী। এরপর থেকেই দুই পরিবার বিয়ের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে।
তবে বিয়ে ও বাগদানের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি জেনিফার উইংগেট। ফলে বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে।
ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ জেনিফার উইংগেট ‘বেহাদ’, ‘বেপানাহ’, ‘দিল মিল গয়ে’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার বিয়ের খবর সত্যি হলে তা নিঃসন্দেহে ভক্তদের জন্য বড় চমক হয়ে আসবে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






