আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার

দৈনিক জনতার দেশ ডেস্ক :ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।শুক্রবার (১ আগস্ট) বিকেলে তিনি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
এরপর স্থলবন্দর ও শুল্ক কর্তৃপক্ষের সঙ্গে নিয়ে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম এবং ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ স্থলবন্দরের সভাকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে ব্যবসায়ীরা বন্দরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এ স্থলবন্দর দিয়ে ছয়টি পণ্যের আমদানির ওপর ভারত সরকারের দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। হাইকমিশনারও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে তিনি পরিদর্শন সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাননি।
বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিএম রাশেদুল ইসলাম, স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান এবং আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নিসার উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন





