গোলাপগঞ্জে শিক্ষানুরাগী হাছিব আহমদ চেরাগ মিয়ার স্মরণসভা

নিউজ ডেস্ক :
গোলাপগঞ্জে নারীশিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রাখা ভাদেশ্বর খানম আহমদ দাখিল বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মরহুম হাছিব আহমদ (চেরাগ মিয়া)-এর স্মরণে স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, নব্বইয়ের দশকে যখন গ্রামীণ জনপদে মেয়েদের শিক্ষার সুযোগ সীমিত ছিল, তখন ১৯৯৩ সালে একটি বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে হাছিব আহমদ চেরাগ মিয়া নারীশিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে মরহুম চেরাগ মিয়ার শিক্ষা বিস্তার, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খালেদ আহমদের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ছাতিক আহমদ মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহিশা জান্নাত। ইসলামী সংগীত পরিবেশন করেন অরাকাতুল জান্নাত।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আমিনুল ইসলাম (ফাত্তাহ দারগা)। প্রধান আলোচক ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম। প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষে বক্তব্য দেন জাকির আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন সহকারী মৌলভী আব্দুল বাছিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এমদাদুল হক খান (এনাম), ডা. আব্দুল জলিল, পশ্চিমভাগ জামে মসজিদের ইমাম ও খতিব নুরুল ইসলাম, মাহবুব আল ফারুক, মোহাম্মদ ফজলুর রহমান, রেজাউল করিম, মিছবা উদ্দিনসহ অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মালিক, আব্দুস সত্তার, হাফিজ শাহিন আহমদ, মাওলানা মাসুক আহমদ, রুহুল আমিন ও মাহিদ আহমদ।
অনুষ্ঠানের শেষে মরহুম হাছিব আহমদ চেরাগ মিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ভাদেশ্বর আলহেরা মাদ্রাসার সুপার আব্দুস সুবহান। এ সময় বক্তারা বলেন, একজন মানুষ মৃত্যুর পরও তাঁর কর্মের মাধ্যমে বেঁচে থাকেন। হাছিব আহমদ চেরাগ মিয়া নারীশিক্ষা ও সমাজকল্যাণে যে অবদান রেখে গেছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।




