বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিলেট-৬ আসনের প্রার্থী বদল নিয়ে আলোচনা
দৈনিক জনতার দেশ ডেস্ক :এক মাস আগে (৩ নভেম্বর) বিএনপি ২৩৭ আসনের দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। প্রার্থিতা ঘোষণার পর অনেক আসনে দলটির নেতাকর্মীদের অনেকেই ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করেছেন। মনোনয়নবঞ্চিত অনেকেই প্রতীকী ‘রিভিউ’ কর্মসূচিও পালন করেছেন।
এক মাস পর বিএনপি মনোনয়ন-ঘোষিত অনেক আসনে প্রার্থিতা বদল নিয়ে আলোচনা করেছে। গত সোমবার রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় কিছু আসনে প্রার্থী বদল নিয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই তালিকায় সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনও রয়েছে বলে জানা গেছে।
এই আসনে বিএনপি প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিল সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে।
এদিকে, এমরান চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণার পর বিএনপির একাধিক নেতা প্রকাশ্যে দলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানান। এই আসনে মনোনয়নবঞ্চিত ফয়সল আহমদ চৌধুরী প্রকাশ্যে কোন মন্তব্য না করলেও নির্বাচনী এলাকায় গণসংযোগ অব্যাহত রাখেন।
২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন ফয়সল আহমদ চৌধুরী। নির্বাচনে তিনি ১ লাখের বেশি ভোট পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। বন্যায়-ভূমিকম্পে-করোনাকালে মানুষের কাছাকাছি থাকার সুবাদে বিএনপি ছাড়াও তিনি সাধারণ ভোটারের সমর্থন পেয়েছিলেন বলে দলটির স্থানীয় নেতারা দাবি করেন।
সোমবারের স্থায়ী কমিটির বৈঠকের সিলেট-৬ সংসদীয় আসন ছাড়াও নেত্রকোনা-৫, ব্রাহ্মণবাড়িয়া-৪, জামালপুর-২, কুষ্টিয়া-৪, সিরাজগঞ্জ-৩, চট্টগ্রাম-১২ ও ১৩ ছাড়াও অন্তত ৩০ আসনে প্রার্থী বদলের বিষয়ে আলোচনা হয়েছে। এসব আসনে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, বয়োবৃদ্ধ, বিতর্কিত ও সমালোচিত বলে স্থায়ী কমিটির নেতারা অভিযোগ করেন।
স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






