নির্বাচনে ‘ডিপ স্টেট’ ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ মামুনুল হকের
দৈনিক জনতার দেশ ডেস্ক :বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক অভিযোগ করে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ‘ডিপ স্টেট’ এজেন্ডা বাস্তবায়নে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে এবং জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ করা হয়েছে।
তিনি বলেন, বহু রক্ত, ত্যাগ ও আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত ‘জুলাই বিপ্লব’ পরবর্তী বাংলাদেশে মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে, এটাই প্রত্যাশা ছিল। কিন্তু ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সেই প্রত্যাশা ভঙ্গ হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বায়তুল মোকারম মসজিদের উত্তর গেইটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক দাবি জানান, সারাদিন সন্দেহপূর্ণ ভোটগ্রহণের পরিবেশ তৈরি করে, সন্ধ্যার পর সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদের জাতীয় সংসদে যাওয়ার পথে পরিকল্পিতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে তিনি বলেন, উত্থাপিত আপত্তিগুলো গুরুত্বসহকারে আমলে নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার নিশ্চিত করতে হবে; অন্যথায় জনগণ তাদের অধিকার আদায়ে আন্দোলনে নামবে।
তিনি আরও দাবি করেন, নির্বাচনের পর সারা দেশে ১১ দলীয় ঐক্যের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর দমন-পীড়ন, বাড়িঘরে অগ্নিসংযোগ, শারীরিক লাঞ্ছনা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার করতে হবে।
তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা থেকে একচুল বিচ্যুতির চেষ্টা হলে জনগণ আবারও আন্দোলনে নামবে। পুরনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সখ্যতা করে রাজনীতিতে তাদের পুনর্বাসনের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সবশেষে মামুনুল হক ঐক্য ও সংহতি জোরদার করে ভোটের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






