পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর কাতারে যুক্ত হলো বাংলাদেশ
দৈনিক জনতার দেশ ডেস্ক :রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের জ্বালানি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন-রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। তিনি বলেন, ফুয়েল লোডিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশ শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর কাতারে যুক্ত হলো।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি ইউরেনিয়াম লোডিং উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাশিয়ার প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতায় পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে দুই ইউনিটবিশিষ্ট এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বাস্তবায়ন হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে রোসাটম।
বক্তৃতা পর্ব শেষে জ্বালানি (ফুয়েল) লোডিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় এক মাস সময় লাগতে পারে। এটিই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনে যাওয়ার শেষ ধাপ।
আলেক্সি লিখাচেভ বলেন, বাংলাদেশ আজ সেই দেশগুলোর কাতারে যুক্ত হলো, যারা টেকসই উন্নয়নের নির্ভরযোগ্য উৎস হিসেবে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার করে। নিঃসন্দেহে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, রোসাটমের জন্য এ প্রকল্পটি বৈশ্বিক পারমাণবিক শিল্পের উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশি অংশীদারদের সঙ্গে আধুনিক ও নির্ভরযোগ্য একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কাজ করতে পেরে আমরা আনন্দিত এবং ভবিষ্যতে আরও সহযোগিতার সম্ভাবনা দেখছি।
এ প্রকল্প থেকে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এ বিদ্যুৎকেন্দ্রটির আয়ুষ্কাল (উৎপাদন সময়) ৬০ বছর। এরপর এই সক্ষমতা প্রথমে ২০ বছর, পরে আরও ২০ বছর অর্থাৎ মোট ৪০ বছর এক্সটেনশন করে ১০০ বছর এ প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানান।
এই প্রকল্পের প্রথম ইউনিটের নির্মাণকাজ শেষ হয়েছে, যেটিতে ফুয়েল লোডিংয়ের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া শুরু হলো। দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ এখনো চলছে। আগামী বছরের শেষ নাগাদ এর নির্মাণকাজ সম্পন্ন হতে পারে। প্রকল্প সূত্রে জানা যায়, সবমিলিয়ে পুরো প্রকল্প শেষ হতে ২০২৮ সাল লাগতে পারে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






