স্কুলে গিয়ে শিক্ষকের দেখা পেলেন না এমপি, রেজিস্টারে স্বাক্ষর নিয়ে প্রশ্ন
দৈনিক জনতার দেশ ডেস্ক :নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বানিয়াগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (৪ মে) সকালে আকস্মিক পরিদর্শনে যান নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষাকার্যক্রম ঘুরে দেখেন এবং বিশেষভাবে শিক্ষক উপস্থিতির বিষয়টি খতিয়ে দেখেন।
এ সময় বিদ্যালয়ের মোট ছয়জন শিক্ষকের মধ্যে চারজনকে উপস্থিত পাওয়া যায়। একজন শিক্ষক অনুমোদিত ছুটিতে থাকলেও অপর একজন শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
তবে পরিদর্শনের সময় আরও একটি বিষয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে।
উপস্থিতি রেজিস্টার পর্যালোচনায় দেখা যায়, সেখানে পাঁচজন শিক্ষকের স্বাক্ষর রয়েছেন।
কিন্তু সহকারী শিক্ষিকা হেলেনা আক্তারের স্বাক্ষর থাকা সত্ত্বেও তাকে বিদ্যালয়ে উপস্থিত পাওয়া যায়নি, যা নিয়ে প্রশ্ন ও বিভ্রান্তির সৃষ্টি হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
তিনি বলেন, শিক্ষকদের দায়িত্বশীলতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত না হলে শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জন সম্ভব নয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সাত্তার এ বিষয়ে জানান, সহকারী শিক্ষিকা হেলেনা আক্তার প্রতিষ্ঠালগ্ন থেকেই এ বিদ্যালয়ে কর্মরত। পরিদর্শনের সময় তিনি পাশের এলাকায় তার মামার বাড়িতে অবস্থান করছিলেন। এমপির আগমনের খবর পেয়ে তিনি দ্রুত বিদ্যালয়ে ফিরে আসেন।
এদিকে বিষয়টি সম্পর্কে কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, তিনি বর্তমানে কক্সবাজারে প্রশিক্ষণে রয়েছেন। তবে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে ওই শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শন শেষে সংসদ সদস্য ড. হিলালী বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






